প্রতিষ্ঠার এক দশকেও সমাবর্তন হয়নি বুটেক্সে😒

প্রতিষ্ঠার এক দশকেও সমাবর্তন হয়নি বুটেক্সে😒


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (BUTex) প্রতিষ্ঠার পর একবারও সমাবর্তন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এটি টেক্সটাইল প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়।
জানা গেছে, ২০১৮ সালে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও সমাবর্তন হয়নি। এমনকি তাদের ফি এর টাকাও ফেরত দেওয়া হয়নি। এ বিষয়ে রাষ্ট্রপতির শিডিউল না পাওয়ার কারণ দেখিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিষয়টি মানতে নারাজ শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছাত্রদের সুযোগ-সুবিধা, আবেগ ভালোবাসার কথা চিন্তা করে না বুটেক্স প্রশাসন। তারা চায় শুধু টাকা। আর সমাবর্তনের কথা উঠলে রাষ্ট্রপতির ব্যস্ত শিডিউলের কথা শোনায়।’
এ বিষয়ে তৎকালীন উপাচার্য অধ্যাপক মাসউদ আহমেদ বলেন, ‘২০১৮ সালে সমাবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বিশেষ নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান অতিথি করে সমাবর্তন করার কথা বলা হয়। সেটা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন হওয়ার বিষয়টি কেউ মেনে নিতে পারিনি। সে কারণে ওই বছর সমাবর্তন স্থগিত রাখা হয়।’
দৈনিক অধিকারকে উপাচার্য অধ্যাপক আবুল কাশেমের বরাত দিয়ে সেকশন অফিসার বিল্লাল হোসেন বলেন, ‘সমাবর্তনের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। এ নিয়ে উপাচার্য বুটেক্সের সাবেক ছাত্র জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনসহ রাষ্ট্রপতির কার্যালয়ে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তার এপয়েন্টমেন্ট পেলেই সমাবর্তন অনুষ্ঠিত হবে।’
বুটেক্সের অ্যাকাডেমিক সূত্র জানায়, সমাবর্তনের জন্য পূর্বে নিবন্ধনকৃতদের টাকা ফেরত দেওয়া হবে না। তবে পুনরায় যখন সমাবর্তনের নিবন্ধন করা হবে, তখন তাদের নিবন্ধনকৃত হিসেবে গণ্য করা হবে।

Copyright © Odhikar

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ