Latest Textile | নিজস্ব প্রতিবেদক
আজ (১৭ই সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনে অর্জিত ছুটির টাকাসহ সব পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ ও শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন গার্মেন্টসের শ্রমিকরা।
আন্দোলনকারীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করে এবং কিছুক্ষণের জন্য অবস্থান করেন। অতঃপর মন্ত্রণালয় সামনে অবস্থানের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সামান্য সংঘর্ষও ঘটে। তবে, এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিশেষ সূত্রে জানা যায়, এই আন্দোলন করা শ্রমিকরা রাজধানীর মালিবাগের ড্রাগন ও ইম্পেরিয়াল সোয়েটার কারখানায় কাজ করছেন ও করতেন।
আরো জানা যায়, গতকালও (১৬ই সেপ্টেম্বর) তারা জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিল!
আন্দোলনরত শ্রমিক ও শ্রমিক নেতারা বলেন, "আমরা বাধ্য হয়ে পথে নেমেছি। আমরা আমাদের বেতন চাই, আমাদের চাকরি ফেরত চাই। চাকরির শুরু থেকে প্রতিমাসে বেতনের একটি নির্দিষ্ট অংশ কেটে নিয়ে চাকরি শেষে দেওয়ার কথা, অথচ এখন সেটাও দেওয়া হচ্ছে না। আমাদের পাওনা আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা সরকারকে বলবো, আপনার মালিককে ধরেন। আমরা সুখে নেই, আমাদের পরিবার ভালো নেই। অনেক বয়স্ক শ্রমিকও এই সমস্যার ভুক্তভোগী।"
কর্মসূচি শেষে শ্রমিক নেতারা শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন। তারা অবিলম্বে এই সমস্যার সমাধানের জন্য সরকারের ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।






0 মন্তব্যসমূহ