এশিয়ার বৃহত্তম গার্মেন্টস পল্লীতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ


Latest Textile | আবু জাফর

বাংলাদেশে অবস্থিত এশিয়ার বৃহত্তম গার্মেন্টস পল্লী কেরানীগঞ্জে। বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠা এই গার্মেন্টস পল্লীর বিভিন্ন মার্কেটে বিদ্যুৎ সংযোগ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। মার্কেটের ভেতর ট্রান্সফরমার, সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি, দুই ভবনের মাঝে অনিরাপদ স্থানে ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এতে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন হাজার হাজার মানুষ। যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

ঝুঁকিপূর্ণ এসব ট্রান্সফরমার নিরাপদ স্থানে স্থানান্তর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, ইউপি মেম্বার দেলোয়ার হোসেন দেলু, আবদুর রাজ্জাক রুবেল। এছাড়া অভিযানে পল্লী বিদ্যুতের লোকজনও উপস্থিত ছিলেন।

অভিযানে ঝুঁকিপূর্ণ অবস্থায় ট্রান্সফরমার বসিয়ে বৈদ্যুতিক সংযোগ নেয়ার অপরাধে দুটি মার্কেটের মালিককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও দুটি মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে নিরাপদ স্থানে ট্রান্সফরমার সরিয়ে নিতে তাদের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, এশিয়ার বৃহত্তম এই গার্মেন্টস পল্লীতে ৫ হাজার মার্কেট ও শোরুম রয়েছে। এখানে কাজ করেন ৩ লক্ষাধিক মানুষ। মার্কেট, শোরুম, ওয়াশিং ডাইং ফ্যাক্টরি ও দোকানগুলো বিদ্যুতের ওপর নির্ভরশীল। বিশাল এলাকা নিয়ে গড়ে উঠা এই তৈরি পোশাক পল্লীর বিভিন্ন জায়গায় অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে অনেক ভবন গড়ে উঠেছে। আর এসব ভবনে বিদ্যুৎ সংযোগ নেয়ার ক্ষেত্রে মানা হয়নি যথাযথ প্রক্রিয়া। যেনতেনভাবে ট্রান্সফরমার বসিয়ে অথবা সাবস্টেশন বানিয়ে নেয়া হয়েছে বিদ্যুৎ।

অভিযোগ উঠেছে, ঝুঁকিপূর্ণ এসব সংযোগ নেয়ার ক্ষেত্রে পল্লী বিদ্যুতের ইলেক্ট্রিশিয়ান ও কর্মকর্তারা জড়িত রয়েছেন।

এ বিষয়ে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আওতাধীন শুভাঢ্যা জোনাল অফিসের ডিজিএম জহুরুল আলম বলেন, "গার্মেন্টস পল্লীর বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ সরিয়ে নিতে আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। এখানকার মার্কেট মালিকদের সঙ্গে বারবার মিটিং করা হয়েছে। এমনকি তাদের চিঠিও দেয়া হয়েছে। কিন্তু তারা কর্ণপাত করেনি। যার পরিপ্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।"

কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. স্বাধীন শেখ বলেন, "সমিতির পক্ষ থেকে আমরা মার্কেটের মালিকদের ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ নেয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছি। কেউ কেউ এ থেকে সরে এলেও অনেকে এখনও এভাবে সংযোগ নেয়া অব্যাহত রেখেছেন। ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযানকে স্বাগত জানাই।"

কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, "অর্থকড়ির চেয়ে মানুষের জানমালের নিরাপত্তা জরুরি। এখানকার গার্মেন্টস পল্লীর তৈরি পোশাকের বাজার জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। কিন্তু অনেক মার্কেট মালিক নিরাপত্তা নিশ্চিত না করে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান। এ রকম দুটি মার্কেটের মালিককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও সতর্ক করা হয়েছে।"


প্রতিবেদক

আবু জাফর

গণমাধ্যম কর্মী, কেরানীগঞ্জ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ