তাঁতশিল্পে ধস, লক্ষাধিক তাঁতির শেষ ভরসা সরকার


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে বর্তমানে করোনা ও বন্যায় তাঁতশিল্পের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও বেলকুচি উপজেলার তাঁতশিল্পে চরম ধস নেমেছে।

এমনিতেই নদীকূলবর্তী হয়ায় প্রতি বছর এমন সময়ে ভুগতে হয় চরম দুর্ভোগ, তার উপর এবছর চলেছে করোনার লকডাউন। ফলে এ অঞ্চলের লক্ষাধিক তাঁতি ও তাঁতশ্রমিক মানবেতর জীবনযাপন করছেন।

করোনার ক্রান্তিকালীন সময়ে অন্যান্য খাতে সরকার নজর দিলেও, এখাত রয়েছে সম্পুর্ণ আরালে! তাতে সামান্য পুঁজি সংকটে কারখানায় তাঁতবস্ত্র উৎপাদন বন্ধ, উৎপাদনের কাঁচামাল ও উপকরণের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে তারা বেকার হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন তাতঁ শিল্পীরা।

এ বিষয়ে বাংলাদেশ তাঁত বোর্ড শাহজাদপুর বিসিক শাখার টিএফসি ব্যবস্থাপক শরীফ আল মাহমুদ বলেন, "করোনার প্রভাবে পুঁজি হারানো ২৭৯ জন প্রান্তিক তাঁতির আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁতিপ্রতি দেড় লাখ থেকে দুই লাখ টাকা ৫ শতাংশ সরল সুদে তিন বছর মেয়াদে ঋণ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।" যা প্রকৃত সংখ্যার তুলনায় নিতান্তই নগন্য! খবর সমকালের।

বাংলাদেশের ঐতিহ্য ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষনই শেষ ভরসা এখন এই শিল্প ও শিল্পীদের!

শাহজাদপুর উপজেলার পৌর এলাকাসহ ১৩টি ইউনিয়নে প্রায় দেড় লাখ তাঁতকল রয়েছে। এর মধ্যে প্রায় এক লাখ পাওয়ারলুম ও ৫০ হাজারের মত হ্যান্ডলুম। শ্রমিক রয়েছে প্রায় এক লাখের বেশি। করোনায় লকডাউন ঘোষিত সময়কালে সব তাঁত কারখানা বন্ধ ছিল।

এ সময়ে এলাকার তাঁতিরা তাঁতবস্ত্র উৎপাদন বা উৎপাদিত বস্ত্র হাটবাজারে বিক্রি করতে পারেননি। এ সময় বাধ্য হয়ে তাঁত মালিকরা কেউ পুঁজি খরচ করে ফেলেছেন, কেউ বা ঋণে জর্জরিত হয়েছেন। লকডাউন তুলে নেওয়ার পর তাঁত মালিকরা তাদের তাঁত কারখানা চালু করার অনুমতি পেলেও পুঁজি না থাকায় তা চালু করা সম্ভব হয়নি। কেউ কেউ ধারদেনা করে তাঁত কারখানায় বস্ত্র উৎপাদনের চেষ্টা করলেও উৎপাদিত তাঁতবস্ত্র হাটে বিক্রি করতে না পেরে আবারও কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি তাঁতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক আল-মাহমুদ জানান, "করোনা ও বন্যার প্রভাবে তীব্র পুঁজি সংকটে সিংহভাগ তাঁত মালিক তাঁত বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। এতে শাহজাদপুর উপজেলার প্রায় এক লাখ তাঁত শ্রমিকের সিংহভাগই অতিকষ্টে দিনযাপন করছেন।"


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ