শুধু সদস্যপদবিহীন পোশাক কারখানা থেকেই অর্ধলক্ষাধিক ছাঁটাই

Latest Textile | নিজস্ব প্রতিবেদক

বর্তমানে চলা করোনা মহামারীতে শুধুমাত্র গার্মেন্টস ব্যাবসায়ীদের বিভিন্ন সংগঠনের সদস্য নয় এমন কারাখানার ৫৮ হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে, যার সর্বমোট সংখ্যা লক্ষাধিক। জুন মাসে একটি জরিপ সম্পন্ন করে বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (সিইডি)-এর ম্যাপড ইন বাংলাদেশ (এমআইবি)।


চার বছর (২০১৭-২০২১) মেয়াদী এ প্রকল্পটি দেশব্যাপী কারখানা শুমারি পরিচালনা করে চলেছে এবং তৈরি পোশাক খাতের স্বচ্ছতার উদ্দেশ্যে একটি ডিজিটাল মানচিত্রে কারখানার তথ্য প্রকাশ করা অব্যাহত রেখেছে। (https://mappedinbangladesh.org/)

 

এমআইবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সদস্যপদবিহীন কারখানা বলতে ওই সব কারখানা নির্দেশিত হয়েছে, যেগুলো তৈরি পোশাকখাতের প্রধান মালিক সমিতি- বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (BGMEA ) ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতির (BKMEA) সদস্য নয়।


জরিপের অংশ হিসেবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম জেলার ৫৫৫টি রপ্তানিমুখী সদস্যপদবিহীন পোশাক কারখানাকে টেলিফোন করে জরিপ করা হয়, যেখানে ৪৪৮টি সদস্যপদবিহীন পোশাক কারখানা অংশ নেয়।

এই কারখানাগুলোকে ম্যাপড ইন বাংলাদেশ প্রকল্পের তথ্যভাণ্ডার থেকে বাছাই করা হয়েছে। 


ইতোমধ্যে এমআইবি মানচিত্রে ঢাকা, গাজীপুর, ও নারায়ণগঞ্জ জেলার ২৮৩৭টি কারখানার তথ্য প্রকাশিত হয়েছে। এমআইবির কাছে চট্টগ্রাম জেলার ৫০৫টি কারখানার তথ্য সংগ্রহ করা রয়েছে, যা আরো যাচাই-বাছাইয়ের পরে ডিজিটাল মানচিত্রে প্রকাশিত হবে।

 

জরিপকালীন কারখানাগুলোতে ৮৬ হাজার ৬৯৭ জন শ্রমিক কর্মরত ছিলেন। করোনা ভাইরাসের মহামারি শুরুর পরে এই কারখানাগুলো থেকে ৫৮ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে, যা কিনা কারখানাপ্রতি গড়ে ২২৬ জন শ্রমিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ