করোনা মোকাবিলায় ৯টি দাবি গার্মেন্টস ও বস্ত্র খাতে





করোনা মোকাবিলায় ৯টি দাবি গার্মেন্টস ও বস্ত্র খাতে 


Latest Textile | নিজস্ব প্রতিবেদক


করোনাভাইরাসের এই মহামারী কাটিয়ে উঠতে ও টিকে থাকতে হলে পুরো বিশ্বের জন্য দায়িত্বশীল ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখন বৈশ্বিক বস্ত্র ও পোশাক সাপ্লাই চেইনের ব্রান্ড কোম্পানি, খুচরা বিক্রেতা এবং ব্যবসায়ীদের দায়িত্বশীল ক্রয় কার্যক্রমে লাখ লাখ শ্রমিকদের মৌলিক অধিকার ও তাদের পরিবারের জীবন-জীবিকা নির্ভরশীল।

সবকিছু বিবেচনা করে ছয়টি উৎপাদক ও রফতানি দেশের ঐক্য সংগঠন (Sustainable Textile of the Asian Region) স্টার নেটওয়ার্ক ব্যবসায়ীদের কাছে ৯টি দাবি উত্থাপন করে একটি যৌথ বিবৃতি দিয়েছে।

স্টার নেটওয়ার্কের ৯টি বস্ত্র ও পোশাক ব্যবসায়ী সমিতি হল: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (BGMEA), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA), চায়না ন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল কাউন্সিল (CNTAC), গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ইন কম্বোডিয়া (GMAC), মিয়ানমার গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (MGMA) ও পাকিস্তান হোশিয়ারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (PHMEA), পাকিস্তান টেক্সটাইল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (PTEA), টাওয়েল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব পাকিস্তান (TMAP) ও ভিয়েতনাম টেক্সাইল অ্যান্ড গার্মেন্ট অ্যাসোসিয়েশন (VITAS)।

বুধবারের বিবৃতিতে ৯টি দাবির কথা বলা হয়েছে তা হলো:

১. গুরুত্বপূর্ণ ক্রয় সিদ্ধান্ত নেয়ার সময় সাপ্লাই চেইনের শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর সব সম্ভাব্য প্রভাব সচেতনভাবে বিবেচনা করতে হবে।

২. ক্রয় চুক্তির শর্তাবলীর প্রতি সম্মান প্রদর্শন, এতে যে বাধ্যবাধকতা রয়েছে, তা পূর্ণভাবে মেনে চলা এবং মূল্য ও পারিশ্রমিক পরিশোধের শর্ত নিয়ে নতুন করে আলোচনা না করা।

৩. সরবরাহ ও চালান গ্রহণ এবং উৎপাদিত ও উৎপাদনে থাকা পণ্যের ওপর চুক্তি অনুসারে অর্থ পরিশোধ করতে হবে। উৎপাদনে থাকা পণ্যের অর্ডার বাতিল করা যাবে না।

৪. উৎপাদন ও ডেলিভারি বাতিল কিংবা বন্ধ রাখতে হলে সরবরাহকারীদের (১০০% FOB) ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে কিংবা সরবরাহকারীদের শ্রমিকদের সরাসরি মজুরির প্রস্তাব দিতে হবে।

৫. ডেলিভারি ও চালানের ক্ষেত্রে বিলম্বের জন্য সরবরাহকারীরা দায়ী হবেন না এবং এ ধরনের বিলম্বের জন্য কোনো ক্ষতিপূরণ দাবি করা যাবে না।

৬. অতিরিক্ত খরচ, তাড়াহুড়ো করে অর্ডার কিংবা অপ্রয়োজনীয় পরিদর্শন ও নিরীক্ষার মাধ্যমে সরবরাহকারীদের ওপর কোনো অতিরিক্ত চাপ দেয়া যাবে না।

৭. স্থানীয় পরিস্থিতি ও পরিপ্রেক্ষিত ভালো করে বোঝাপড়ার জন্য স্থানীয় অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকতে হবে এবং সর্বাত্মক চেষ্টা করতে হবে।

৮. মতবিরোধের ক্ষেত্রে পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করতে সহযোগিতাপূর্ণ নিষ্পত্তি ও সংলাপের আশ্রয় নিতে হবে।

৯. সাপ্লাই চেইনের ক্ষেত্রে যতটা সম্ভব ব্যবসায়ী অংশিদারদের সমর্থন দিতে হবে এবং অব্যাহত ব্যবসা চালিয়ে যেতে, সাপ্লাই চেইন ঐক্য ও সামাজিক স্থিতিশীলতার জন্য দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ