নায়ক অনন্ত জলিল ও তার AJI Group কার্যকলাপ


নায়ক অনন্ত জলিল ও তার AJI Group কার্যকলাপ 

Latest Textile | নিজস্ব প্রতিবেদক



মহান মে দিবস এবং করোনা ভাইরাসের মহামারী রোধে সরকারের সাধারণ ছুটি থাকার পরও এজেআই গ্রুপের গার্মেন্টস খোলা রেখে শ্রমিকদের কাজ করানোর প্রতিবাদে কয়েক হাজার শ্রমিক ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।

শ্রমিকদের অভিযোগ, "তিনদিনের হাজিরা কাটা হবে এমন ভয় দেখিয়ে তাদের এমন দিনে কারখানায় আসতে বাধ্য করা হয়েছে"।

শ্রমিক বিক্ষোভের খবরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বিক্ষোভরত অবস্থায় দেখে। সড়কে অবস্থান নেয়া শ্রমিকরা মালিকের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে নানা তথ্য দিতে থাকলে লাঠি হাতে তেড়ে আসে আরেকদল শ্রমিক। এরপরে সেখানে দু’দল শ্রমিকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন সাংবাদিকও লাঞ্ছিত হন।

খবর পেয়ে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চলচ্চিত্র জগতের পরিচিত মুখ অনন্ত জলিল এজেআই গ্রুপের মালিক। উনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি বলে জানান একটি গনমাধ্যম! তার পক্ষে গ্রুপের প্রধান মানব সম্পদ কর্মকর্তা জাহিদুল হাসান মীর জানান, করোনাভাইরাসে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (PPE) তৈরির জন্য শ্রমিকদের কারখানায় আনা হয়েছিলো। শ্রমিকরা কাজ করতে ইচ্ছুক নন, এটা বোঝার সাথে সাথেই তারা কারখানায় ছুটি ঘোষণা করেছেন।

অন্য দিকে মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে দেশে প্রায় এক মাস ধরে চলছে সাধারণ ছুটি। পরিস্থিতি এখনো মারাত্মক পর্যায়ে থাকলেও অর্থনীতির চাকা কিছুটা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খোলার অনুমতি দিয়েছে সরকার।

তাই নায়ক অনন্ত জলিল তার পোশাক কারখানা খুলেছেন। তার কারখানায় কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তা তিনি নিয়মিত নিজের ইউটিউব চ্যানেলে জানাচ্ছেন।
বুধবার অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, "স্বাস্থ্যবিধি মেনে তিনি ফ্যাক্টরি খুলেছেন ২৬ এপ্রিল থেকে। এরপর থেকে প্রতিদিন ভিডিও করে সেটা তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেন যাতে সবাই বুঝতে পারে কীভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে"।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাভার-আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো বন্ধ রাখার অনুরোধ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা। গত কাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি এ চিঠি পাঠান।

শুক্রবার (১ মে) দুপুরে সাভারে আট জনের করোনা পজেটিভ আসে। যার মধ্যে সাত জনই পোশাক শ্রমিক। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাজমুল হুদা মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

বিষয়টি উল্লেখ করে ডা. সায়েমুল হুদা বলেন, ‘সাভারে শিল্প কলকারখানা চালুর কারণে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। শুক্রবারও কয়েকজন পোশাক শ্রমিক আক্রান্ত হয়েছেন। এখনই সব পোশাক কারখানা ও প্রবেশপথগুলো বন্ধ করা না হলে এই এলাকায় করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ