Latest Textile | নিজস্ব প্রতিবেদক
সরকার থেকে করোনা উপলক্ষে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প মালিকেরা নানা রকম সুবিধার ও ছাড় পাওয়ার পরও শ্রমিকদের ছাঁটাই বন্ধ করা, পূর্ণাঙ্গ বেতন-বোনাস প্রদান ও করোনা আক্রান্ত শ্রমিকদের সুচিকিৎসার দাবি জানিয়েছে "গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন"।
গতকাল (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জোটটি আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে উক্ত দাবি জানানো হয়।
বক্তারা দাবি জানিয়ে বলেন, "অবিলম্বে শ্রমিকদের ছাঁটাই বন্ধ করে ঈদের আগে পূর্ণাঙ্গ বেতন-বোনাস প্রদান দেওয়া হোক"।
সমাবেশে বক্তারা বলেন, "করোনা দুর্যোগের মধ্যে মালিকদের অবহেলার শিকার হয়ে বেতন-বোনাস কর্তন, ছাঁটাই, লে-অফের যন্ত্রণার মধ্যে শ্রমিকরা ঈদ অতিবাহিত করছে। এপ্রিল, মে ও জুন মাসের শ্রমিকদের বেতন পরিশোধের জন্য সরকারের নিকট হতে ৫,০০০ কোটি টাকার প্রণোদনা নিয়েও বেতন পরিশোধে টালবাহানা করেছেন অনেক গার্মেন্টস মালিক। এখন জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের কথা বলে আরও ৭,৫০০ কোটি টাকা আদায়ে তৎপরতা চালাচ্ছে তারা। অথচ আসন্ন ঈদুল আজহার আগেও আশঙ্কা করা হচ্ছে, বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হতে পারে ৭৯০টি কারখানা। মালিকদের স্বার্থ রক্ষাকারী সরকারও এই ব্যাপারে ইতিবাচক।"
এক্ষেতে মালিকদের স্বার্থ আর শ্রমিকদের স্বার্থ একই কি না তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের!
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওএসকে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের উপদেষ্টা শামীম ইমাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেত্রী আমেনা আক্তার, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রেজা, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন প্রমুখ।





0 মন্তব্যসমূহ