সাভারে বাস চাপায় গার্মেন্টসের নারী শ্রমিক নিহত


Latest Textile | নিজস্ব প্রতিবেদক

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। 

গতকাল (৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সুরাইয়া বেগম (৪০) মানিকগঞ্জ জেলার আঁটিগ্রামের আব্দুর সাত্তার খানের মেয়ে। সে সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা এলাকায় স্বামী মো. আলমের সাথে ভাড়া বাসায় থেকে স্থানীয় "অবনী ফ্যাশন" গার্মেন্টসে কাজ করতেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই নারী বাসা থেকে বের হয়ে নিজ কর্মস্থলে যাবার পথে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এসময় অগ্রদূত পরিবহনের যাত্রীবাহি বাস ওই নারীকে চাপা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক বাসটি আটক করতে পারলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ