Latest Textile | নিজস্ব প্রতিবেদক
সরকারের লকডাউন ও বিবিধ পদক্ষেপ কমে যাওয়ায় করোনার প্রকোপ কিছুটা কমে আসলেও বুড়িগঙ্গার সিমসন ঘাট দিয়ে নৌ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আবারও বিপাকে পড়েছে কেরানীগঞ্জের মিনি গার্মেন্টস পল্লী।
মিনি নামের হলেও বাংলাদেশের অন্যতম বড় গার্মেন্টস পল্লী এটি দেশের তৈরি পোশাকের অভ্যন্তরীণ চাহিদার বেশিরভাগই পূরণ করে থাকে।
বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরে কেরানীগঞ্জের কালীগঞ্জ খেজুরতলায় অবস্থিত ছোট ছোট পোশাক কারখানা গুলো যেন বস্তির মত। এসব পণ্যের বেশিভাগ ক্রেতারা সিমসন ঘাট দিয়ে নৌকায় করে বুড়িগঙ্গা পাড় হতেন। এখন ঘাটটি বন্ধ হয়ে বিভীষিকাময় অবস্থা হয়েছে স্থানীয় ব্যবসা কারখানা গুলোতে।
গত মাসে নৌ-দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তেলঘাট, সিমসন ঘাট ও ওয়াইজঘাটে নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ স্বাধীন শেখ বলেন, "হঠাৎ করে ঘাট বন্ধ হয়ে যাওয়ায় আমাদের যে ব্যাংক লোন আছে তা পরিশোধ করতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এই ঘাট চালু না হলে আমাদের ব্যবসায়ী পল্লী ধ্বংস হয়ে যাবে।"
কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসলিম ঢালি বলেন, "ঘাটটি হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে আমরা ব্যবসাবাণিজ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রায় ৭০ ভাগ ব্যবসায়ী ক্রেতা এ পাড়ে আসতে পারছে না।"
এ বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছেন, কেরানীগঞ্জের নাগরমহল ঘাট থেকে বাদামতলী ডাবচর ঘাটে ওয়াটার বাস ও নৌকা চলাচলের ব্যবস্থা করেছে তারা যাতে ব্যবসায়ীরা উপকৃত হন।





0 মন্তব্যসমূহ