করোনা পরবর্তী প্রস্তাবনা-১২, ইন্ডাস্ট্রিতে বটলনেক ম্যানেজমেন্ট সমস্যা ও সমাধান



Latest Textile | Habibur Rahman

আজকের আলোচনা বটলনেক নিয়ে। একটা বোতল হাতে নিয়ে দেখুন উপরের দিকটা সরু হয়ে এসে চিকন হয়ে আছে। এই চিকন অংশ কেই বটলনেক বলা হয়ে থাকে। তার মানে বটলনেক টা সব সময় উপরের দিকে অবস্থান করে। প্রতিষ্ঠানের মাথা গুলোই বটলনেকের জন্য মোটামুটি দায়ী থাকেন অথবা পরোক্ষ ভাবে জড়িত থাকেন।

▶️ আমরা মোটামুটি নিম্নোক্ত তিন প্রকারের বটলনেক সচরাচর লক্ষ্য করে থাকি। আপনার প্রতিষ্ঠানে এই সব কাহিনী আছে কি না আমাদের জানিয়ে বাধিত করবেন।  

✔️১। ম্যানেজমেন্ট বটলনেক

আপনার প্রতিষ্ঠানে দৈনন্দিন কার্যক্রমের সাথে এখানে একটা অদ্ভুত মিল খুঁজে পাবেন। খেয়াল করে দেখেন বড় বড় স্যার দের মোটামুটি সকলেই বেশিরভাগই প্রতিষ্ঠানের বটলনেক। একটা ডিসিশন চেয়ে দেখেন কি অবস্থা।  

ডাইরেক্টর স্যার যদিও একটা ডিসিশন দিলেন এমডি স্যারের মনপুত না হওয়ায় ডিসিশন টা ঝুলে গেল।  

জি এম স্যারকে প্রশ্ন করেন উনি বলবেন আমি কথা বলে জানাচ্ছি, মানে ঝুলে গেলো। 

এমডি স্যারকে জিজ্ঞাসা করবেন উনি বলবেন আমি ঐটা পরে জানাচ্ছি , আপনারা এই কাজটা আগে করেন। আগের ডিসিশন টা বটলনেক হয়ে গেল, নতুন আর একটা বোঝা চাপানো হল, পুরানো প্ল্যান গুলো সব নতুন করে করতে হল।  

✔️২। প্রোডাকশন বটলনেক

নিম্নোক্ত ঘটনা সমূহ প্রোডাকশন বটলনেক এর উৎকৃষ্ট উদহারণ।

এই স্টাইল টা বন্ধ করে , ঐ স্টাইল টা চার লাইনে দিয়ে কালকের মধ্যে শেষ করে ফেলেন। ঐ চার লাইনের স্টাইল গুলো বটলনেকে আটকায় গেল। 

কানসাই মেশিনের অপারেটর আসেনি, তাই নতুন অপারেটর বসানো হয়েছে এবং এই জন্যই ৬০০ পিস্ করে আউটপুট হচ্ছে , আগামী তিন দিনেও শিপমেন্ট দেয়া যাবে কিনা সন্দেহ।  
ফিড অফ দ্য আর্ম মেশিন টা এডজাস্ট করা যাচ্ছেনা তাই প্রোডাকশন কমে আসছে আজকে শিপমেন্ট দিতে পারবোনা।  
আমাদের ফ্যাক্টরীতে পিকোটিংয়ের কাজ আগে কখনো করা হয়নি তাই অপারেটর খুঁজে পাচ্ছিনা, আগামী কাল দেখবো খুঁজে পাওয়া যায় কি না !
এই স্টাইল টাতে পিনটাক মেশিন লাগবে , আমাদের ফ্যাক্টরীতে নাই , মিরপুরে লোক পাঠিয়েছিলাম সেখানেও খুঁজে পায়নি।  
এই স্টাইল টাতে চারটা ফাইভ থ্রেড ওভারলক মেশিন লাগবে আজকের ভিতরে ভাড়া না নিয়ে আসলে কালকে কিন্তু শিপমেন্ট হবেনা স্যার। 
আজকে আমাদের লাইন থেকে এই মেশিন গুলো সরানো যাবেনা, আগামী কাল আপনাকে এই মেশিন গুলো দিয়ে দেব। আগামী কাল মেশিন গুলো হাতে পেলে আমি এডজাস্ট করে লাঞ্চের পর থেকে লে-আউট কমপ্লিট হবে , তাহলে প্রোডাকশন বাড়বে।  
এই হল আমাদের ৯৫% কারখানার দৈনন্দিন চালচিত্র। বটলনেকের মাঝেই আমরা মারামারি করে শিপমেন্ট দিতে সিদ্ধহস্ত হয়ে গেছি। কিন্তু কোন এক অজানা কারণে ত্রিশ বছরের এই সমস্যা গুলো পুনরাবৃত্তি ঘটেই যাচ্ছে কিন্তু আমরা এর সমাধান টানতে পারছিনা। দেখতে দেখতে পদ্মা সেতুও চালু হয়ে যাবে, দক্ষিণবঙ্গের একটা বড় সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু এই ছোট্ট সমস্যার কোন সমাধান যেন নাই।  

✔️৩। প্রসেস বটলনেক

মার্চেন্ডাইজার টিম সঠিক সময়ে স্যাম্পলের কাগজ পত্র দিতে পারেন নাই তাই স্যাম্পল দেরিতে শুরু করেছি। 
এমসিডি টিমের কাছে অনেক বার তাগাদা দিয়েও এই মাল গুলোর ইনভেন্টরি শেষ করতে পারিনি। কালকে একটু দেরি হবে লাইনে ওই স্টাইল টা ধরতে। 
কোয়ালিটি টিমে লোক কম তাই সব গুলো জিপারের কোয়ালিটি চেক করতে আরো একদিন সময় বেশি লাগবে কিছু করার নাই। 
সাপ্লাই চেইন টিম কে বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছি কিন্তু তারা সঠিক সময়ে কোনদিন একটা মাল ও আনতে পারলোনা। 
ঢাকা এয়ারপোর্ট আর চিটাগং পোর্ট এর কথা বলে কোন লাভ নাই ভাই। কোনদিন এই সকল সমস্যার সমাধান হবে কি না কেউ জানেনা 
একাউন্টস টিমের কাছে একটা পিও শিট গেলেই হল , ওইটা এপ্রোভাল বের করা খুব সহজ নয়। একাউন্টস টিম তো ফ্যাক্টরী ভর্তি সব লোক গুলোকেই সন্দেহ করে। 
এই রকম নানা প্রকারের প্রসেস বটলনেক দিয়ে আমাদের পুরো সিস্টেম টা জরাজীর্ণ বিগত তিন দশক ধরে। ৯৫% ফ্যাক্টরীর প্রতিদিনের চিত্র এইটা।  

আপনারা সকলেই উপরোক্ত প্রতিটা ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত এবং নানা প্রকার শর্টপাস, লং পাসে খেলে খেলে আমরা সকলেই এই বটলনেক গুলোকে আমাদের অভ্যস্ততার সাথে গুলিয়ে ফেলেছি। 

▶️ পরিত্রাণের রাস্তা খুব বেশি কঠিন কিন্তু না। 

শুধু দরকার মানসিকতা, সঠিক ভাবে সমস্যা গুলোকে এড্রেস করা, একটা একটা করে সমাধানের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করা। আগের অনেকগুলো প্রস্তাবনা তে সমাধানের প্রক্রিয়া গুলো বর্ণনা করেছি। 

বটলনেক সমাধানে প্রতিষ্ঠানের কর্তা ব্যাক্তি বর্গ কে বিগত তিন দশকের ব্যার্থতা গুলোকে মেনে নিয়ে উদার মানসিকতার পরিচয় প্রদান করতে হবে। যদি ভাবেন এই সকল সমস্যা তো গার্মেন্টস ব্যবসায় থাকবেই, 

যদি ভাবেন এতই সমস্যা যখন তাহলে কেমন করে এতদিন এই প্রতিষ্ঠান তিলে তিলে এত বড় করে গড়ে তুললাম?

▶️ যদি ভাবেন হাবিব সাহেব বড় বড় লেকচার দেয়, নিজে একটা ফ্যাক্টরী করে দেখুক, কত মজা। তাহলে এই সমস্যার কোনো সমাধান আমার জানা নেই। 

শুধু বলবো, বটলনেক উপরের দিকে অবস্থান করে তাই সমাধান ও উপরের দিক থেকে করে নিতে হবে।  

একটু খেয়াল করে দেখুন বটলনেক গুলো সমাধান হয়ে গেলে আপনার প্রতিষ্ঠানের অন্তত ৫% উৎপাদন কিন্তু বাড়তে বাধ্য। আপনার প্রতিষ্ঠানের উৎপাদন মানে দেশের রপ্তানী বৃদ্ধি।


Writer:
Habibur Rahman
Smart Factory 4.0 Consultant for Textile Apparel Industries;
County Head, Quantity Improvement Solutions;
Founder, Jobs For U.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ