ক্ষতিপূরণ মেলেনি ৮ বছরে, তাজরীন ফ্যাশনস এখনও জ্বলছে

Latest Textile | নিজস্ব প্রতিবেদক

নিতান্তই লজ্জার সাথে বলতে হচ্ছে যে সেই ২০১২ সালে ঘটে যাওয়া তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডে ১১৪ জনের মৃত্যু৩০০ জন আহতদের এখনও আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়নি!

দীর্ঘ ৮ বছরেও নিখোঁজ রয়েছেন ৫৩ জন শ্রমিক। যাদের জীবনের বা পরিচয়ের ও কোন মূল্য নেই যেন কর্তৃপক্ষের কাছে।

ছবির উৎসঃ বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন

গত ১৭ সেপ্টেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিপূরণসহ বিচার ও কর্মসংস্থানের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সেই আহত শ্রমিক, নিহত ও নিখোঁজদের পরিবার।

আগুনে পুড়ে অকালে নিহত শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিক দেলোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রয়েছে শীর্ষে।

ছবির উৎসঃ বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন

এই লম্বা কর্মসূচির ফলশ্রুতিতে গতকাল (২১শে অক্টোবর) অসুস্থ হয়ে পড়েন আন্দোলনরত শ্রমিকরা, যাদের চিকিৎসা নিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমনকি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোনরকম চিকিৎসা দিচ্ছে না, শ্রমিকরা বারবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অসুস্থ শ্রমিকদেরকে নিয়ে গিয়ে ফিরে আসছে।

৩৪ দিন পর গতকাল আন্দোলনরত শ্রমিকদের সমর্থনে ১১টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের জোট ‘গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন’ এর বর্তমান সমন্বয়ক ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের নির্বাহী উপদেষ্টা শামীম ইমাম এর সভাপতিত্বে বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন,
"অগ্নিকাণ্ডের আট বছর অতিবাহিত হলেও এখনও অগ্নিকাণ্ডে নিহত ও আহত শ্রমিকরা দেশি-বিদেশি বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া কিছু অনুদান ছাড়া দেশের প্রচলিত আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাননি। ক্ষতিপূরণ না পাওয়া নিহত, সম্পূর্ণ অক্ষম ও পঙ্গু শ্রমিকদের পরিবার বছরের পর বছর যাবত মানবেতর জীবনযাপন করছেন। অথচ নিজেদের শ্রমিকবান্ধব সরকার দাবি করলেও অতীতের মতো বর্তমান সরকারও মালিক পক্ষের স্বার্থ রক্ষা করে চলেছে।"
ছবির উৎসঃ বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন


সমাবেশে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির অন্যতম নেতা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সোয়েটার গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এএইচএম ফয়েজ হোসেন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির প্রচার ও প্রকাশনা সম্পাদক দীপক রায়, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক বিপ্লব ভট্টাচার্য, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ভজন বিশ্বাস এবং আন্দোলনরত তাজরীন গার্মেন্টসের শ্রমিক জরিনা বেগম ও নাসিমা বক্তব্য রাখেন।

সমাবেশে শ্রমিকদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ডাক্তার ফয়জুল হাকিম লালা, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা প্রতাপ সরকার বিজয় ও কাওসার মনসুর, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ।

ছবির উৎসঃ বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন

আন্দোলনকারী ও সমাবেশে উপস্থিত ব্যাক্তিবর্গ, অবিলম্বে আগুনে পুড়ে নিহত ও আহত, সম্পূর্ণ অক্ষম ও পঙ্গু শ্রমিকদের এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সরকারের প্রতি আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ